মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুইজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে লৌহজং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাদের হাতেনাতে ধরা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকাতে অভিযান চলছে।
ব.ম শামীম/আরকে