বিয়ের আশ্বাসে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের আশ্বাসে গাজীপুর থেকে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) ও একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।
অন্যদিকে ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলা এলাকার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার ৪ বছরের এক মেয়ে আছে। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের (২৩) সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি সজলের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় এনে সজলের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামি আকাশ মণ্ডলের নামে ৬টি ও জামাল মণ্ডলের নামে অস্ত্র, ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ