সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে সহায়তা দিলো বিআরটিএ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
বুধবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা এবং শেরপুরে ৪ জনকে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জি.) সুব্রত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম, জিলা মটরযান মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদসহ বিআরটিএ’র কর্মকর্তা, মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
এসএইচএ