মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীর দাগনভূঞায় মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিলোনিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফল, ফার্মেসি, ইফতারসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এতে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। একইসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স তাজুল স্টোরকে ১ হাজার টাকা, লাইসেন্স না নিয়ে ফার্মেসি পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করায় মেসার্স জসিম মেডিকেল হলকে ৮ হাজার টাকা এবং লাইসেন্স না নিয়ে ব্যবসায় পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করা ও সেবাগ্রহীতার জীবন বিপন্ন করার মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেসার্স মিয়াজী ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ ও ভোক্তার অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য ও জেলা পুলিশের একটি টিম অংশ নেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে ভোক্তা অধিকারবিরোধী নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারেক চৌধুরী/এএমকে