সাবেক এমপি মিজানের জামাইয়ের সন্ধান মিলল ঢাকায়

খুলনার সাবেক এমপি মিজানুর রজমান মিজানের জামাই নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান। অবশেষে রহস্যজনকভাবে নিখোঁজের ১২ দিন পর তার সন্ধান মিলল।
সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন- এ মুহূর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ হলে তাকে খুলনায় আনা হবে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলে উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করেছেন। তবে তিনি কীভাবে উদ্ধার হলেন- এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি নগরীর টাউন জামে মসজিদে নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হন সুজন। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফিরে যাননি তিনি। পরদিন রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান। সর্বশেষ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন পরিবারের সদস্যরা।
মোহাম্মদ মিলন/আরএআর