দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা প্রশ্ন উঠেছে

দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের আরেক লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণঅভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণঅভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে।
বুধবার (৪ মার্চ) সিলেট শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের রাজনৈতিক সম্প্রীতির প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, আমরা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ-বিএনপির অনেক হানাহানি দেখলেও সিলেটে বিভিন্ন সময়ে ব্যতিক্রম পরিস্থিতি দেখেছি। সিলেটের এই ঐক্যের রাজনীতি সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, উদাহরণ হয়ে থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি বলেন, আমার আগে যে সকল বক্তারা বক্তব্য দিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যকে আমি সমর্থন করছি। তাদের বক্তব্যে সারাদেশের চিত্র ফুটে উঠেছে, এনসিপির বর্তমান এবং ভবিষ্যৎ কর্তব্য উঠে এসেছে। আপনাদেরকেও সেই আহ্বান জানাচ্ছি।
দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারও একদলীয় করণ করা হচ্ছে বলে অভিযোগ করে নাহিদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন। বিডিআর ভাইবোনদের আবাসের পরিস্থিতি আপনারা দেখেছেন। সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারেনি।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় বলেছিলেন- এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের মনে হচ্ছে। দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করলো? সরকার কেন চাপ প্রয়োগ করলো? সরকারের চাপে তারা পদত্যাগ করেছে কিনা সেটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি নিশ্চই সংসদে গেলে আমরা এ কথা বলবো। আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন আপনারাও কথা বলবেন। এবং দুদকের পরবর্তী চেয়ারম্যান কীভাবে নিয়োগ হবে? আওয়ামী লীগ দলীয় বিবেচনায় নিয়োগ হবে কিনা? নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন আমরা রেখে যাচ্ছি।
সিলেটবাসীকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারের প্রস্তুতি নিন। ঐক্যবদ্ধ থাকুন। সামনে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী কাজ করবেন।
মাসুদ আহমদ রনি/আরএআর