কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি পদে বিজয়ী হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহীদ পান ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদেও জয় পান ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তিনি পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পান ১৬৬ ভোট।
সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতী মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. আবু সাইম (২২৭ ভোট) এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূইয়া (২৪৫ ভোট) নির্বাচিত হয়েছেন।
লাইব্রেরিয়ান পদে অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী।
সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো. আবু হানিফ ৩৬০ ভোট, অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে সদস্য পদে জয় পান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, কিশোরগঞ্জ আইনজীবী সমিতির প্রতিটি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সহকর্মীদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। বিশেষ করে জাতীয়তাবাদী প্যানেলের এই জয় আমাদের প্রত্যাশা ছিল। আইনজীবীদের অধিকার আদায়ে আমাদের প্যানেলের নেতৃবৃন্দরা সবসময় দলমতের উর্ধে কাজ করে এসেছেন। ভবিষ্যতেও আইনজীবীদের অধিকার আদায়ে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করব।
নির্বাচন শেষে সমিতি প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়।
মোহাম্মদ এনামুল হক/আরকে