বরিশালে চালু হলো রিভার ক্রুজ 'দ্যা সেইল'

উপকূলীয় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বরিশালে যাত্রা শুরু করেছে বিলাসবহুল রিভার ক্রুজ 'দ্যা সেইল'। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও অতিথি টুরিজম সার্ভিসের উদ্যোগে চালু হওয়া এই রিভার ক্রুজটি নদীমাতৃক বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বরিশাল নগরীর ৩০ গোডাউন সংলগ্ন ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর জেটি ঘাট থেকে ক্রুজটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম এবং প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশালের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। ক্রুজ ও পর্যটন প্যাকেজ সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান। জিজেইউএসের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. কামাল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি রোমান ইমতিয়াজ তুষার, পিকেএসএফের ভ্যালু চেইন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. ইরফান আলী, সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, নদী-নালা ও খালবেষ্টিত বরিশালের অপার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব এই ক্রুজে পর্যটকদের জন্য বিষমুক্ত খাবার পরিবেশন করা হবে। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করে টেকসই পর্যটন কার্যক্রম পরিচালনা করা হবে।
এমএএস