টঙ্গীতে মধ্যরাতের আগুনে পুড়ল ১০ দোকান

গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একটি ফোমের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে হঠাৎ বাজারে থাকা একটি ফোমের দোকানে আগুন দেখা যায়। স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একটি সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকানসহ ১০টি দোকানের মধ্যে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুইটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট প্রায় চেষ্টা চালিয়ে দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে বড় বড় ১০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের টিম কাজ করছে।
এএমকে