গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. তামিম মিয়াকে (২১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পাবনা জেলার সাঁথিয়া থানার ভদ্রকোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. তামিম মিয়া (২১) গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, তামিম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার সতর্ক করলেও সে কর্ণপাত করেনি। গত ২২ ফেব্রুয়ারি ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার পথে তামিম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ (গাইবান্ধা) এবং র্যাব-১২ (পাবনা) যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি তামিমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এসএইচএ