সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫২) নামে এক বাংলাদেশির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পিলার নম্বর ৫১ ও ৫২-এর মধ্যবর্তী এলাকার পাইনছড়ি পয়েন্টে গাছ কাটতে যান স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার। এক পর্যায়ে তার পায়ের স্পর্শ লেগে গোপনে পুঁতে রাখা একটি স্থলমাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার বাম পায়ের গোড়ালি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশের বিস্তীর্ণ এলাকা দেশটির গেরিলা গ্রুপ আরাকান আর্মির (এএ) দখলে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব বিধ্বংসী মাইন পুঁতে রাখে। এতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় এমন বিস্ফোরণে মানুষ ও গবাদি পশু আহত হচ্ছে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে