ইফতারের সময় স্যালাইন ভেবে কীটনাশক পান

নীলফামারীর ডোমারে ইফতারের সময়ে খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে দেওয়া কীটনাশক পান করে একই পরিবারের চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটির চৌকিদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতরা হলেন-চিলাহাটি চৌকিদার মোড় এলাকার বাসিন্দা আলম মিয়া (৪২) তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের সন্তান ফাহিম ইসলাম (৭) ও স্বাধীন মিয়া (১৭)।
স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আহতরা ইফতারের সময়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে পান করেন। কিছুক্ষণ পরে তাদের শরীরে বিষক্রিয়া শুরু হলে ছটফট করতে থাকেন। এ সময়ে তাদের আশপাশের লোকজন ছুটে এসে তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
সিফাতুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ইফতারের সময়ে তাদের বাড়ি থেকে শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি তারা মাটিতে গড়াগড়ি করছেন। পাশে দেখি কৃষি জমিতে দেওয়া কীটনাশকের প্যাকেট পড়ে আছে। পরে তারা বলে স্যালাইন ভেবে সেটি পানিতে গুলিতে খেয়েছে। তখন ফায়ার সার্ভিসকে কল করি, তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আইনুল হক বলেন, খাবার স্যালাইন ভেবে একই পরিবারের চারজন কীটনাশক পানিতে গুলিয়ে পান করেন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে