নাটোরে মাটির নিচে লুকানো ছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোরের সিংড়ায় মাটির নিচে লুকিয়ে রাখা পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে তেল মজুদের অভিযোগে মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
এ ঘটনায় অভিযুক্ত রুবেল ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে এবং সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান 'সততা ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী।
জানা যায়, শনিবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তল্লাশি করে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে
অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন এ ধরনের কাজ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা তৎপর রয়েছি।
তিনি আরও জানান, স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আশিকুর রহমান/এসএইচএ