নোয়াখালীতে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৬ মার্চ) গভীর রাত থেকে শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের নির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় হেলাল বেপারী নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের বস্তা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে চোরাই মালামাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলা উদ্দিন বলেন, জব্দ করা চিনিগুলো সংরক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এসএইচএ