ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড পাওয়া বিচারপ্রার্থী সেই মা-মেয়ে মুক্তি পেয়েছেন।
শনিবার (৭ মার্চ) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল এক মাসের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেন।
ভুক্তভোগী পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আবছারের স্ত্রী রেহেনা মোস্তফা রানু (৩৮) ও তার মেয়ে কলেজশিক্ষার্থী জুবাইদা জান্নাত (২৩) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আগের দিন শুক্রবার ‘ঘুষের ২০ হাজার টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে কারাদণ্ড দিলেন ইউএনও!’ শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশ হলে সারাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা জানান, থানায় পুলিশের মারধরে রেহেনা মোস্তফা রানু ও তার মেয়ে জুবাইদা গুরুতর আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে