কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের সামনে তাকে গালিগালাজ করে। তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এ সময় শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি করে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। অফিসের অন্য পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা অফিসে ছিল।
গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আজ (শনিবার) সারাদিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।
এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ আমার অফিস লক্ষ্য করে বাইরে থেকে ১০-১২ রাউন্ড গুলিবর্ষণ করে। যেহেতু আমি কাউকে দেখিনি সেহেতু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি বলতে পারবো না। থানা থেকে পুলিশ এসেছিল সব দেখে গেছে।
ডাবলু বলেন, আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণির ঠিকাদার। শত্রুতাবসত কেউ এমন কাজ করেছে। এই বিষয়ে আমি অভিযোগ জমা দেব।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অবিস্ফরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
তিনি বলেন, আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।
রবিউল আলম ইভান/এএমকে