৮ মাস কারাভোগ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় নারীকে হস্তান্তর

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর আট মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামে এক ভারতীয় নাগরিককে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর ইমিগ্রেশন পুলিশ। রোববার (৮ মার্চ) জয়নগর সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. এনামুল হক। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে উপস্থিত ছিলেন গেদে আইসি ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।
ফাল্গুনী রায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী টেংরা কলোনী গ্রামের বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ফাল্গুনী রায় ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে মোট আট মাস কারাভোগ করেন তিনি। সাজা শেষে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর আট মাস কারাভোগ শেষে ওই নারীকে জয়নগর সীমান্তে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
আফজালুল হক/আরএআর