মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে গিয়ে দেওয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দোকানের নির্মাণাধীন দেওয়াল ভেঙে চাপা পড়ে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে তার মায়ের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে এসেছিল। মায়ের সামনেই তাকে লাশ হতে হয়েছে। ছেলের মৃত্যু দেখে তার মা অচেতন হয়ে হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। পৌরসভার অনুমতি ছাড়া সরকারি খালের ওপর দোকানটি নির্মাণ করা হচ্ছিলো বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুত ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে ও স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, ফাহাদ ও তার মা নাছিমা বেগমের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনা ও সেলাই মেশিন মেরামতের জন্য আসে। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই তারা সেলাই মেশিনটি ঠিক করে দেয়।
সিসিটিভিতে দেখা যায়, ছেলেটি তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়ানো ছিল। একপর্যায়ে ডান দিকে পা বাড়াতেই নির্মাণাধীন ড্রাগ হাউসের ছাদের পুরোনো দেওয়াল তার ওপর ধ্বসে পড়ে। একপর্যায়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ রয়েছে, পৌরসভার কোনো অনুমতি ছাড়াই সরকারি খালের ওপর ড্রাগ হাউসের মালিক রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মনির হোসেন পুরোনো দোকান ভেঙে নতুন করে নির্মাণ করছেন। এ ব্যাপারে চেষ্টা করেও মনির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, দোকানটি নির্মাণে অনুমতি নেওয়া হয়নি। এটি ঢাকতে সামনে পুরোনো দেওয়াল রেখে পেছনে দোকান নির্মাণ করছিল। পুরোনো দেওয়ালটি ভেঙে পড়ে ফাহাদ নামে এক ছাত্র মারা গেছে। এছাড়া একজন গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ফাহাদ ও তার মা পথচারী ছিল। দেওয়াল ধসে পড়ে ফাহাদ মারা গেছে। তার মাও আহত হয়েছেন। এ ঘটনায় কেউ আটক নেই। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘটনাটি তদন্ত চলছে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর