সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টের ওপর হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই বিকাশ এজেন্ট।
রোববার (৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে। তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মোকলেছুর রহমান মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়।
হামলার সময় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইব্রাহিম খলিল/এসএইচএ