কুড়িগ্রামে সপ্তাহব্যাপী ‘বিনা লাভের বাজার’

“যে দামে ক্রয়,সেই দামে বিক্রয়“ এই স্লোগানে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বিনা লাভের বাজার শুরু হয়েছে। সোমবার ( ৯ মার্চ) দুপুরে পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন এলাকায় এ বাজারের আয়োজন করে সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট।
এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মনিটরিং শাখার উপপরিচালক ফারিহা নিাশত। এছাড়াও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক আব্দুল হালিম, সদর যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পৌর শহরের জলিল মিয়া বলেন, বাজারে যে জিনিসের দাম, তাতে আমাদের মতো গরিব মানুষদের সমস্যা পড়তে হয়। খবরটি শুনে বাজারে খরচ নিতে আসলাম। এখানে দেখলাম, বাজারের চেয়ে অনেক কম দামে সবজি পাওয়া যাচ্ছে।
ফাইট আনটিল লাইট( ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, বিনা লাভের বাজারে এক হালি ডিম ২৮ টাকা, শসা ১৬ টাকা, শিম ও আলু ১২ টাকা করে, পেঁয়াজ ও ফুলকপি ২২ টাকা করে, ধনিয়া পাতা ৩০ টাকা, বরবটি ৬৮ টাকা এবং বেগুন ৫ টাকা দামে কেজি বিক্রি করা হয়। এই বাজার থেকে ক্রেতারা বিভিন্ন সবজি এক কেজি ও এক হালি ডিম নিতে পারবেন। বাজারটি দুপুর ২টা থেকে শুরু হবে। সপ্তাহব্যাপী চলবে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ