মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব।
সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও সড়ক অপ্রতুল থাকতে পারে, তবে যানজটের জন্য শুধু অটোরিকশা বা সিএনজিকে দায়ী করা ঠিক নয়। সমন্বিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শহরের যানজট অনেকটাই কমিয়ে আনা সম্ভব। হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা এবং রাস্তার ওপর দোকান বসার কারণে অনেক জায়গায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এসব বিষয় নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি অস্থিরতার মধ্য দিয়ে গেলেও দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে এবং পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে। তবে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে- পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছে, যা মজুতের প্রবণতার ইঙ্গিত দেয়। এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি এখন সারা দেশের একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে এবং মাদকের পরই এটি ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাদক সমস্যার উৎস চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার কথাও বলেন প্রতিমন্ত্রী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।
সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএআর