সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন গ্রাহক। সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।
আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নিতে আসা এক গ্রাহককে সিরিয়াল মেনে আসতে বলা হয়। কিন্তু ওই গ্রাহক সিরিয়াল ভেঙে সরাসরি তেল নিতে চান। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে তিনি চলে যান। তবে তিনি ইফতারের দুই মিনিট আগে আবার পাম্পে ফিরে এসে মিঠু গোয়ালা নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এ নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হলে তিনি চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।
মাসুদ আহমদ রনি/আরএআর