বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ এনে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে একদল লোক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যান ও তার লোকজনকে মারধর করতে করতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চেয়ারম্যান হুমায়ূন কবির দৌড়ে পরিষদের ভেতরে আশ্রয় নেন। এ সময় অন্যরা হামলার মুখে দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের ভিডব্লিউবি (VWB-Vulnerable Women Benefit) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলা প্রশাসন অভিযোগের তদন্তে ইউনিয়ন পরিষদে একটি দল পাঠায়। তদন্তে আসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। তিনি জানান, প্রাথমিক তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। তদন্ত চলাকালেই বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
হামলার পর হামলাকারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলও করেন। পরে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমিও সামান্য আহত হয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, সাংবাদিক ও প্রশাসনের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও তার লোকজন চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। ঘটনাটি ন্যাক্কারজনক।
প্রসঙ্গত, চেয়ারম্যান হুমায়ূন কবির বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সদস্য।
হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের দেওয়া বিবৃতিতে বলেন, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে চেয়ারম্যানের উপর হামলা হয়েছে।
বিবৃতিতে স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ কয়েকজন হামলায় জড়িত বলে উল্লেখ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া বলেন, চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি শুনেছি। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের খবর পেয়ে পরিষদে গিয়েছিলাম। তবে হঠাৎ করে এমন হামলার ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চেয়ারম্যানের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচএ