নোয়াখালীতে খাল দখল করে মার্কেট নির্মাণ, ১৫ দোকান গুড়িয়ে দিলো প্রশাসন

নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারি খাল দখল করে গড়ে তোলা ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার শাহাপুর বাজার এলাকায় এই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে সেখানে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। খালটি দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে খালের ওপর নির্মিত প্রায় ১৫টি দোকান ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খালটি দখলমুক্ত রাখতে প্রায় ১৫টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে। সরকারি খাল, জলাশয় ও খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
হাসিব আল আমিন/বিআরইউ