রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

রাঙামাটি শহরে গত কয়েক দিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যা মঙ্গলবার (১০ মার্চ) তীব্র আকার ধারণ করেছে। এতে বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে এ সংকটকে কেউ কৃত্রিম বলে অভিযোগ করছেন, আবার কেউ বলছেন সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, বনরুপা এলাকার মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল, সরকারি-বেসরকারি পিকআপ ও ব্যক্তিগত গাড়ি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক চালককে সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তেল নিতে আসা কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, শুরুতে কিছুক্ষণ তেল সরবরাহের পর পাম্প কর্তৃপক্ষ কখনো মেশিনে ত্রুটির কথা বলে আবার কখনো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। পরে শেষ পর্যন্ত তেল নেই বলে জানানো হয়। অনেক সময় পাম্পে তেল থাকলেও তেল না থাকার কথা বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। যে কারণে কয়েকটি পাম্পে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে সন্দেহ করছেন সাধারণ গ্রাহকরা।
এদিকে শহরের কল্যাণপুরে অবস্থিত তান্নেবি এন্টারপ্রাইজ এবং রাজবাড়ী এলাকায় অবস্থিত মেসার্স এস এন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনে সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে। তারা বলছেন, জ্বালানি তেল না থাকায় বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তবে মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় তেল না পেয়ে কিছু গ্রাহককে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায়। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেল সরবরাহকারী কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছেন না।
তান্নেবি এন্টারপ্রাইজের ম্যানেজার সুফল চাকমা বলেন, গতকাল আমরা ৮ হাজার লিটার ডিজেল পেয়েছিলাম, যা আজ দুপুরের মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। এটি কৃত্রিম সংকট নয় বলে আমরা মনে করি। কেন কোম্পানি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারছে না, সে বিষয়ে তারা ভালো বলতে পারবে।
মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ ইসলাম বলেন, সকাল থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা জ্বালানি তেল বিক্রি করেছি। প্রায় ১ হাজার ২০০ লিটার অকটেন বিক্রি করা হয়েছে। বর্তমানে মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখতে হয়েছে।
পাম্প সূত্রে জানা গেছে, বুধবার সকালে নতুন করে জ্বালানি তেল সরবরাহ আসার কথা রয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, রাঙামাটিতে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরএআর