লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার জনগণের সামনে এসব তথ্য তুলে ধরেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।
দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অন্য খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষ্যে সরকারি সহায়তার তথ্যও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এসব চাল যাতে প্রকৃত উপকারভোগীরাই পান, তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ১০টি অবকাঠামো উন্নয়ন কাজ এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথা জানান তিনি। সংসদ সদস্য ঘোষণা দেন যে, দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামের একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে, যাতে জনগণ বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।
লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সতর্কবার্তা দেন। সবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি অর্থ ও সেবার সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
আরিফ আজগর/বিআরইউ