নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মজনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজকে দুপুরের দিকে মজনুসহ কয়েকজন সেখানে গাছ কাটতে যায়। এসময়ে আরেক পক্ষ বাধা দিতে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মজনুকে মৃত্যু ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ