মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

কুষ্টিয়ার খোকসা থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে খোকসা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন খোকসা বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তার কাছে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। লাখ টাকা বা ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ান সাবেক ওসি মোতালেব।
মাহফুজুর রহমান আরও বলেন, এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওসির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়ার পর ওসিকে এখান থেকে নিয়ে গেলেও বিভিন্নভাবে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাই শুধু বদলি নয়, এই ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে বলেন, এই ধরনের কাজ যেন আর কোন ওসি না করতে পারে, সেজন্য আমরা মোতালেব হোসেনকে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী ব্যবসায়ীরর পিতা গোলাম সরোয়ার জানান, আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের হুমকি আসছে। বাইরে থেকে ফোন আসছে। আমরা এখন হুমকিতে আছি। আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা আমাদের জীবনের ভয়ে পালিয়ে থাকছি। এখন পর্যন্ত আমরা বাজারে ঠিকঠাক মতো ব্যবসা করতে ভয় পাচ্ছি। আমার দাবি, এই ওসির সুষ্ঠু বিচার হোক। এই ওসির বিচার হলে পরবর্তী ওসিরা আসার পরে আমরা যাতে আগামীতে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারি।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমরা থানার সাথে কথা বলব। আজ থানার বর্তমান ইনচার্জ মিটিংয়ে আমাদের সাথে ছিলেন। আমি এই চিঠির অনুলিপি থানাকে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলব।
প্রসঙ্গত, খোকসা উপজেলার এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর কাছে থানার ওসির চাঁদাদাবির জেরে খোকসা থানার ওসি মোতালেব হেসেনকে প্রত্যাহার করে বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করে জেলা পুলিশ।
রবিউল আলম ইভান/এসএইচএ