গাইবান্ধায় ট্রাকসেলে কম দামে মাংস-দুধ-ডিম বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রম চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। রমজান মাসে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্যপণ্য কম দামে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, যেখানে বাজারে এর দাম প্রায় ৭৫০ টাকা। এছাড়া প্রতি লিটার দুধ ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকায় এবং প্রতিটি ডিম ১০ টাকার পরিবর্তে ৮ টাকায় বিক্রি করা হচ্ছে।
আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় জেলা শহরের ডিসি অফিস এলাকা, রেলগেটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ট্রাক সেলের মাধ্যমে গরুর মাংস ও ডিম এবং গাড়ির মাধ্যমে দুধ বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় কম দামে এসব পণ্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে সকাল থেকেই ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। পরে দুপুরে বিক্রি শুরু হলে লাইনে দাঁড়িয়ে নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।
এসময় শহরতলীর ক্রেতারা বলেন, ‘এবার রোজার মাসে সংসারের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়েছে। এক সপ্তাহ এই কর্মসূচি চলতে চলতে ঈদ চলে আসবে। তখন ব্যবসা বাণিজ্য ও কাজকর্মও বাড়বে। আমাদের অনেক উপকার হল।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকারের ভর্তুকির মাধ্যমে বাজারের তুলনায় কম দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে, যাতে রমজানে নিম্ন আয়ের মানুষ সহজেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন।
জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করেই এই সুলভ বাজার চালু করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ উপকৃত হবেন।
এসএইচএ