বরগুনায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার আমতলী উপজেলার স্থানীয় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি মনোহারীর দোকানসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আশপাশের আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আমতলী ফায়ার সার্ভিস স্টেশন।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর নামক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আমতলীর গাজীপুর বন্দর বাজারে হঠাৎ একটি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ সময়ের মধ্যে বাজারে থাকা মুদি মনোহারীসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়াও বাজারে থাকা আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের ওয়ার হাউস ইনস্পেকটর মো. হানিফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাজরে থাকা বিভিন্ন ধরনের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও অন্তত ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আব্দুল আলীম/এসএইচএ