ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামে আপন ছোট ভাই খুন হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকারী বড় ভাইয়ের নাম হানিফ আহমেদ। তিনি নিহত তামিমের আপন বড় ভাই।
নিহত তামিমের বোন শাতি আক্তার বলেন, তামিম তার ভাতিজা হানিফের ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। পরে হানিফ এসে তামিমের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায় হানিফ তামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তামিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হানিফ সবসময় পরিবারের সবাইকে অত্যাচার করতো। এরজন্য ৫ মাস আগে থাকে সবাই আলাদা করে দেয়। তার স্বভাব চরিত্র খুবই খারাপ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই তামিমকে হত্যা করে।
এম ইসলাম/এসএইচএ