চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৪ জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ এই আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– নুর মোহাম্মদ (২৭), ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), কামাল হোসেন (৪০), মো. ফিরোজ (৪৪), খলিল হোসেন (৩০), সুমন (৩৫), নবীর হোসেন (৩৫), মো. সাগর (২০), মো. জামাল (২৮), ইমাম হোসেন (১৯), আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন (২১)। তাঁদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা টাস্কফোর্স। অভিযানে একটি বেহুন্দি জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ চারটি মাছ ধরার নৌকা ও চারটি অ্যাংকর জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, “জাটকা রক্ষা করা ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারুল হক/বিআরইউ
