গাইবান্ধায় এনসিপির আহ্বায়ককে জুতা পেটা করার হুমকি ছাত্রশক্তি নেতার

গাইবান্ধায় এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি’কে প্রকাশ্যে জুতা পেটা এবং রাজনীতি থেকে বিতাড়নের সতর্কবার্তা দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলমকেও কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন জিম। প্রায় ১১ মিনিট ১৫ সেকেন্ড এবং ১৭ মিনিট ৪ সেকেন্ডের দুটি লাইভে তিনি এসব বক্তব্য দেন।
লাইভের শুরুতেই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ হয়তো আমার রাজনীতির শেষ দিন। তিনি তার লাইভটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানান, যাতে বিষয়টি জাতীয় নেতাদের নজরে আসে। সারজিস আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলা হয়ে আসেননি। আপনি জাতীয় নেতা বলে যা খুশি তাই করতে পারবেন না।’
জিম দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি এর প্রতিবাদ জানাচ্ছেন। তিনি আরও বলেন, ‘আপনি যখন গাইবান্ধায় এসেছিলেন, তখন জুলাই আন্দোলনের আহতরা আপনাকে অপমান করেছিলেন। আমার মতে তারা ভুল কিছু করেননি।’
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সারজিস আলমের একটি বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আপনি বাংলার বাঘ নন যে আপনাকে ভয় করে চলতে হবে। আপনি নিজেকে কী মনে করেন? আপনি যেখান থেকে রাজনীতিতে এসেছেন, আমরাও সেখান থেকেই এসেছি।’
জিম বলেন, ‘আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন বলে জাতীয় নেতা হয়েছেন। আমরা জেলায় নেতৃত্ব দিয়েছি বলে জাতীয় নেতা হতে পারিনি। কিন্তু জুলাই আন্দোলনে আমাদের ঘাম-শ্রমও কম ছিল না।’
পরবর্তী লাইভে এসে তিনি আবারও বলেন, এনসিপি যদি সত্যিই ফ্যাসিবাদবিরোধী অবস্থান নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে, তাহলে সাধারণ মানুষ এবং তারাও তাদের সঙ্গে কাজ করবেন।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধার এনসিপির আহ্বায়ক হিসেবে তারা মেনে নেননি। এ কারণে আগে দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে এবং বিষয়টি কেন্দ্রীয় নেতারাও জানেন বলে তিনি দাবি করেন। কিন্তু তারপরেও কোন মধু ঢেলে দেওয়ার কারণে গাইবান্ধার এনসিপি আহ্বায়কের পদ থেকে খুদিকো বহিষ্কার করছে না সেটি তারাই ভালো জানেন।
জিম আরও বলেন, ‘খুদি এনসিপিতে যোগদানের মাত্র ১০ দিন আগেও তার বাড়িতে আওয়ামী লীগের মিটিং হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়েছেন তিনি। এমন একজনকে আমরা মেনে নিয়ে রাজনীতি করতে পারব না।’
লাইভে তিনি খুদির একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, রংপুরে সারজিস আলমের সামনে খুদি বলেছেন, গাইবান্ধার ছাত্রশক্তির কমিটি নেশাখোরদের দিয়ে করা হয়েছে। যদি তিনি এর প্রমাণ দিতে না পারেন, তাহলে তাকে জুতা দিয়ে পেটানো হবে।
জাতীয় নেতাদের ফোনে না পেয়ে লাইভে এসে কথা বলতে বাধ্য হয়েছেন বলেও জানান জিম। তিনি বলেন, আমি কোনো ফ্যাসিস্টের পেছনে থেকে রাজনীতি করতে পারব না। ফ্যাসিস্টদের সঙ্গে রাজনীতি করে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়।
আরকে