মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় মাদারীপুর সদর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পান্না খানের ছেলে নাজমুল খান (১৭)। তারা দুজনই একে অপরের নিকটাত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুর শহরে যাচ্ছিলেন সাইফুল ও নাজমুল। পথিমধ্যে মোটরসাইকেলটি কালিগঞ্জ নবাব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
আরএআর