সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটার ও হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাভার পৌর এলাকার জামসিং মহল্লার মহর উদ্দিনের ছেলে আবুল হাসান (৩২), মানিকগঞ্জ জেলার সদর থানার নারকুলি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮), বাহ্মনবাড়িয়া জেলার আখাউরা থানার নয়াদিল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিও কলোনী এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি রামদা, একটি লোহার কাটার ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এএমকে