স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

নীলফামারীর কিশোরগঞ্জে টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে মারধরের হুমকি দেওয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞাপন
আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যসামগ্রী সরবরাহের টেন্ডার না পেয়ে হাসানুরসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে তাকে মারধরের হুমকি দেয়। এরপর হাসপাতালের চিকিৎসক-নার্সরা কর্মবিরতি পালন করেন। পরে সেই যুবদল নেতা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ভুল স্বীকার করে মাফ চায়।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে