মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বগুড়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত নূর নবী সরকার (২৭) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাদেগাংনই গ্রামের আব্দুস সামাদের ছেলে। প্রায় এক দশক ধরে তিনি মালদ্বীপে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর আগামী কোরবানির ঈদে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন নূরনবী। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নূরনবীসহ পাঁচজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নূরনবীর বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। প্রতিবেশীরা এসে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। তিন বোনের একমাত্র ভাই নূরনবী ছিলেন পরিবারের প্রধান ভরসা।
বিজ্ঞাপন
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন বাবা আব্দুস সামাদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়। অন্তত শেষবারের মতো মুখটা দেখতে চাই।
পরিবার সূত্রে জানা গেছে, সেহরির খাবার প্রস্তুতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।
নিহতের ভাগ্নে মাহবুব বলেন, মামা প্রায় ১০ বছর বিদেশে ছিলেন। একবারও দেশে আসেননি। এবার স্থায়ীভাবে ফেরার কথা ছিল। এখন শুধু চাই, দ্রুত মরদেহটা দেশে আসুক।
বিজ্ঞাপন
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল মোমিন/আরএআর