ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিজিএফের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতির ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাকে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে মাদারগঞ্জ উপজেলার গুনাতরীতলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন তারা গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহরুল ইসলাম মলুর ছোট ভাই। অন্যদিকে অভিযুক্তরা হলেন- ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রশীদ, তার সহযোগী বকুল, সুবাহান ও সামিউল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং এ সময় আনোয়ার হোসেন তারার ওপর বিএনপি নেতা আব্দুর রশীদ হামলা চালায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমার ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি। তাকে ১২০টি কার্ড দেওয়ার কথা ছিল কিন্তু পরে তাকে ৮০টি কার্ড দেওয়া হয় কিন্তু আব্দুর রশীদ একাই ৬০টি কার্ড চায়। এটা নিয়ে সে আমার ওপর হামলা করে। আমি এর বিচার চাই।
বিজ্ঞাপন
ওয়ার্ডের বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বলেন, আগের দিন আমাকে ইউনিয়ন বিএনপি সভাপতি ডেকে নিয়ে ১২০টি কার্ড দিতে চান। পরে ৮০টি দেন। আমি আব্দুর রশীদকে দুইটি কার্ড দেই কিন্তু আব্দুর রশীদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন। তখন আমার ভাই প্রতিবাদ করলে আমার ভাইয়ের ওপর হামলা চালায় তারা।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়ি ও এলাকায় খোঁজ করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে গুনারীতলা ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়নটির প্রশাসক রাসেল দিও বলেন, আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি৷ বিষয়টি খোঁজ খবর নিয়ে জানাতে পারব৷
বিজ্ঞাপন
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ বলেন, আমি এই বিষয়টি অবগত নয়, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।
এসএইচএ