‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচন হয়েছে এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন মানুষের প্রত্যাশা একটাই—আর অন্যায় দেখতে চায় না, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।
তিনি আরও বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।
বিজ্ঞাপন
নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, ‘ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়।
এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/এসএইচএ