চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে। এতে দুই যানবাহনই পুড়ে গেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে অটোরিকশাটি পুলিশের একটি গাড়ির সাথে লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অটোরিকশা ও পুলিশের গাড়ি পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, চাঁদপুর পুলিশ লাইন্সের গাড়িটি কচুয়া উপজেলার সাচারগামী ছিল। আগুনের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
আনোয়ারুল হক/আরএআর