মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে উল্টো গ্রাহক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইনের বিরুদ্ধে। রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরুপাই বাজারে ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
জানা গেছে, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী মীম আক্তারকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে গতকাল শনিবার (১৪ মার্চ) শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন তাদের কাছ থেকে ২৮ হাজার টাকা নেন। রোববার দুপুরে ওই দম্পতি ঋণ নিতে গেলে বেলাল হোসাইন ঋণ দিতে অস্বীকৃতি জানান।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলাল হোসাইন রিপন হোসেন ও তার স্ত্রী মীম আক্তারের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী রিপন হোসেন বলেন, আমার আগের একটি লোনের বকেয়া ছিল ২৮ হাজার টাকা। গতকাল সেই টাকা পরিশোধ করেছি। আজকে লোন নিতে আসলে ম্যানেজার লোন দেবে না বলে জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বেলালসহ তিন-চারজন কর্মচারী মিলে আমাদের মারধর করে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করব।
বিজ্ঞাপন
মীম আক্তার জানান, আমার শাশুড়ি গত ছয় বছর ধরে এই অফিস থেকে নিয়মিত লোন নেন। আমিও এখান থেকে লোন নিয়েছি। আগের ৭০ হাজার টাকার লোন পরিশোধ করার পর ১ লাখ ২০ হাজার টাকা নতুন লোন নেওয়ার জন্য ঈদের বাজারের টাকা মিলিয়ে আগের কিস্তির মোট ২৮ হাজার টাকা গতকাল ম্যানেজারকে দেই। আজকে লোনের টাকা দেবে বলেও তারা লোন দিলো না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্বামীকে মারধর করেছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করছে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয় ব্যবসায়ী নিলয় সাহা বলেন, বাড়িতে যাওয়ার সময় হট্টগোল শুনে এগিয়ে যাই। পরে শুনতে পারলাম ম্যানেজারের সঙ্গে ওই নারী ও তার স্বামীর ঝামেলা হয়েছে। এলাকাবাসী মিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শুনেছি তারা থানায় অভিযোগ করবে।
সরুপাই এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, আমার বাসার নিচেই ওই অফিস। দুপুরে চিৎকার-চেঁচামেচি শুনে নিচে নেমে দেখি ম্যানেজার ও গ্রাহকদের মধ্যে মারামারি হচ্ছে। একপর্যায়ে ওই যুবক ম্যানেজারকে মারার জন্য হাতে একটি ইট তুলে নেন। তখন ম্যানেজার তাকে লাথি মারতে গিয়ে সিঁড়িতে পড়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) পুলক কুমার মজুমদার জানান, ঘটনাটি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই এবং ওই দম্পতিকে ম্যানেজার মারধর করার বিষয়ে সত্যতাও পাই। শুনেছি ভুক্তভোগী ওই দম্পতি সদর থানায় লিখিত অভিযোগ দেবেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, এ বিষয়টি শুনেছি। ভুক্তভোগী ওই দম্পতি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোহেল হোসেন/আরএআর