সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন কাজল আক্তার নামে এক গৃহবধূ। রোববার (১৫ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়।
বিজ্ঞাপন
প্রসূতি কাজল আক্তার সোনাইমুড়ী উপজেলার বারকোট গ্রামের বড় সংকর বাড়ির জহির উদ্দিনের স্ত্রী। এর আগে এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে তিন বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার সন্তান নেওয়ার পর আলট্রাসনোগ্রামে চিকিৎসকরা কাজলের গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন তিনি।
চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা হ্যাপির নিবিড় তত্ত্বাবধানে কাজলের প্রসব সম্পন্ন হয়। স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে নবজাতকদের ওজন কিছুটা কম হওয়ায় পরিবার কিছুটা উদ্বিগ্ন রয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিজ্ঞাপন
নবজাতকদের বাবা জহির উদ্দিন বলেন, একসঙ্গে তিন সন্তান পাওয়ায় আমরা খুবই খুশি। তবে তাদের ওজন কম হওয়ায় একটু দুশ্চিন্তায় আছি। সবার কাছে দোয়া চাই যেন তারা সুস্থ থাকে।
চিকিৎসক ডা. ফারজানা হ্যাপি বলেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। যেহেতু তিনটি শিশু একসঙ্গে জন্ম নিয়েছে, তাই তাদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। এজন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।
হাসপাতালের এডমিন ডিরেক্টর শাহজাহান শাজু বলেন, সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি আমাদের হাসপাতালের জন্য একটি কমন ঘটনা। এর আগেও একাধিকবার সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি হয়েছে। বাচ্চাদের জন্য দোয়া চাই।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমটিআই