বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পানিতে ডুবে অলিউল্লাহ ও রুবি আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত দুই শিশু উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একসময় বাড়ির পাশেই ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। এতে দুই জনই পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন সুমন/এসএইচএ