ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সংস্থার পক্ষ থেকে ঠাকুরগাঁও অঞ্চলের ১১৯৭টি অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) ইএসডিও’র প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়।
প্রতিটি ঈদ উপহার প্যাকেজে ছিল— পোলাও চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি এবং ডেনিশ কনডেন্সড মিল্ক। এর পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, ইএসডিও সবসময় পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। পবিত্র ঈদে কেউ যেন অনাহারে না থাকে এবং সবাই যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতি আমাদের এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতিদরিদ্র পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। এই উদ্যোগ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
এ সময় ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উপহার বিতরণ শেষে সবার জন্য শান্তিময় ও কল্যাণময় ঈদের শুভকামনা জানানো হয়।
বিজ্ঞাপন
এমএএস