বিজ্ঞাপন

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজপোর্টাল বাংলা এডিশনের স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান। 

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

গত শুক্রবার (১৩ মার্চ) নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’-এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ব্যক্তি।

প্রতিবেদন সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির ওই সংবাদকে ‘অপপ্রচার’ অ্যাখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে অ্যাখ্যা দিয়ে রাশিদুল ইসলাম দিলীপ বলেন, চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
 
সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। যার সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে। 

ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন এমনকি তা গ্রহণও করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম/এমএএস

 

বিজ্ঞাপন