৪০০ টাকার মাংস বাকি নিয়ে দেননি, কসাইয়ের ইটের আঘাতে প্রাণ গেলো একজনের

খুলনার রূপসা ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মাংস বিক্রেতার হামলায় দ্বীন মোহাম্মদ ঢালী নামে এক চা বিক্রেতা খুন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ঢালী ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের চায়ের দোকানদার দ্বীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতেন। বেশ কয়েকবার তাগাদা দিয়ে টাকা না পেয়ে মঙ্গলবার বিকেলে তিনি পুনরায় পাওনা আদায়ে দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে যান। দেনা-পাওনা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্বীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমটিআই