পাহাড়ের দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকা থেকে পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচে থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) এবং তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি মেঘলার কানাপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উচ এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে যায় মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
আরএআর