ঈদে মিনি কক্সবাজার আর ইতিহাসের পথে হাঁটতে চাইলে ঘুরে আসুন চাঁদপুর

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করতে ভ্রমণের বিকল্প নেই। যারা অল্প সময়ের মধ্যে পরিবার বা বন্ধুদের নিয়ে কাছাকাছি কোথাও ঘুরতে চান, তাদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে চাঁদপুর। ‘ইলিশের বাড়ি’ হিসেবে খ্যাত এই জেলা শুধু সুস্বাদু মাছের জন্যই নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনের জন্যও ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণীয়।
বিজ্ঞাপন
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া—এই তিন নদীর মিলনস্থল চাঁদপুরের সৌন্দর্য একবার দেখলে সহজে ভোলা যায় না। চলুন জেনে নেওয়া যাক ঈদের ছুটিতে চাঁদপুরের উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান ও ভ্রমণ পরিকল্পনা।
বড় স্টেশন মোলহেড: তিন নদীর মিলনমেলা
চাঁদপুর ভ্রমণ শুরু হোক বড় স্টেশন মোলহেড দিয়ে। লঞ্চঘাট থেকে নেমেই সহজে পৌঁছানো যায় এখানে। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা—এ যেন এক অনন্য অভিজ্ঞতা। এখানে ট্রলার বা স্পিডবোটে ঘুরে বেড়ানো, শিশুদের খেলার ব্যবস্থা এবং খাবারের নানা আয়োজন রয়েছে। সবচেয়ে ভালো বিষয়—প্রবেশে কোনো টিকিট লাগে না।
বিজ্ঞাপন

মিনি কক্সবাজার: নদীর বুকে বালুর রাজ্য
মোলহেড থেকে ট্রলারে করে চলে যেতে পারেন ‘মিনি কক্সবাজার’-খ্যাত বালুর চরে। চারদিকে নদী আর মাঝখানে বিস্তীর্ণ বালুচর—দেখতে যেন সমুদ্রসৈকতের মতোই লাগে। শীতকালে সরিষা ফুলের হলুদে ছেয়ে যায় পুরো এলাকা, যা ভ্রমণে এনে দেয় বাড়তি রোমাঞ্চ। পিকনিক বা দলবদ্ধ আড্ডার জন্য এটি দারুণ একটি স্পট।

ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্ট: ‘চাঁদপুরের দুবাই’
বিজ্ঞাপন
শাহমাহমুদপুরের আলুমূড়ায় অবস্থিত এই রিসোর্টটি আধুনিক সুযোগ-সুবিধা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার মিশেল। সবুজ বাগান, লেক, রঙিন আলো, শিশুদের খেলার জায়গা—সব মিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর আদর্শ স্থান। প্রবেশমূল্যও সাশ্রয়ী।
হরিণা ফেরিঘাট: ইলিশ আর নদীর স্বাদ
ভ্রমণের ফাঁকে চলে যেতে পারেন হরিণা ফেরিঘাটে। এখানে নদীর পাড়ে বসে তাজা ইলিশ ভাজা খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। প্রাকৃতিক দৃশ্য আর ছবি তোলার জন্যও জায়গাটি বেশ জনপ্রিয়।
হরিপুর জমিদার বাড়ি: ইতিহাসের নীরব সাক্ষী
প্রায় ৫০০ বছরের পুরোনো এই জমিদার বাড়ি চাঁদপুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে এর প্রতিষ্ঠাতা তনু রাজা চৌধুরীর নাম। অল্প সময় ঘুরলেও জায়গাটির ঐতিহাসিক আবহ সহজেই মন ছুঁয়ে যায়।
রূপসা জমিদার বাড়ি: সংরক্ষিত ঐতিহ্য
ফরিদগঞ্জে অবস্থিত প্রায় আড়াইশ বছরের পুরোনো এই জমিদার বাড়িটি এখনও বেশ ভালোভাবে সংরক্ষিত। অন্যান্য অনেক জমিদার বাড়ি ভগ্নপ্রায় হলেও এটি এখনো তার পুরোনো সৌন্দর্য ধরে রেখেছে।

লোহাগড়া মঠ: রহস্যময় প্রাচীন স্থাপনা
প্রায় ২০০ বছরের পুরোনো এই মঠটি জমিদারদের অত্যাচারের ইতিহাস বহন করে। তিনটি ভিন্ন উচ্চতার মঠ, ধ্বংসাবশেষ এবং নানা লোককথা—সব মিলিয়ে জায়গাটি বেশ রহস্যময় ও আকর্ষণীয়।
হাজীগঞ্জ বড় মসজিদ: ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব
চাঁদপুরের অন্যতম প্রাচীন ও বৃহৎ মসজিদ এটি। জুমাতুল বিদার বিশাল জামাতসহ ধর্মীয় গুরুত্বের কারণে সারা দেশ থেকে মানুষ এখানে আসেন। ঈদের সময় নামাজ আদায় ও দর্শনের জন্য এটি হতে পারে একটি শান্তিময় গন্তব্য।

মোহনপুর পর্যটন কেন্দ্র: নদীর পাড়ে আধুনিক বিনোদন
মেঘনা নদীর তীরে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটি আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর। কৃত্রিম সৈকত, থিম পার্ক, নৌভ্রমণ এবং সূর্যোদয়-সূর্যাস্ত উপভোগ—সবকিছু মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র।

একদিনেই পূর্ণ ভ্রমণ
চাঁদপুরের সবচেয়ে বড় সুবিধা হলো—একদিনেই এসব জায়গা ঘুরে দেখা সম্ভব। কম খরচ, সহজ যাতায়াত এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা—সব মিলিয়ে ঈদের ছুটিতে এটি হতে পারে আপনার জন্য একটি স্মরণীয় ভ্রমণ।
তাই আর দেরি কেন? এই ঈদে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসুন চাঁদপুর—নদী, ইতিহাস আর ইলিশের স্বাদে ভরপুর এক অনন্য গন্তব্যে।
আনোয়ারুল ইসলাম/এসএইচএ