সিরাজগঞ্জ মহাসড়কে নেই যানবাহনের চাপ

আগামী শনিবার (২১ মার্চ) ঈদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষের চাপ পড়ে মহাসড়কে। তবে, শুক্রবার (২০ মার্চ) সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ একেবারেই কমে এসেছে, পুরো সড়কজুড়ে স্বাভাবিক গতিতে চলছে যান চলাচল।
বিজ্ঞাপন
এদিন সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, আগের দিনের বাড়তি চাপ পুরোপুরি কমে গেছে। স্বাভাবিক গতিতেই চলছে যান চলাচল।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট তৈরি হয়নি। তবে শুক্রবার (২০ মার্চ) সেই চাপও পুরোপুরি কেটে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে সড়কটি।
সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি নেই বললেই চলে।
বিজ্ঞাপন
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ নেই। টুকটাক কিছু প্রাইভেটকার চলছে। সব স্বাভাবিক একদম।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজা ভোর রাত থেকেই স্বাভাবিক হতে শুরু করে। সকালের দিক থেকে যমুনা সেতুতে যানবাহন পারাপার একদমই স্বাভাবিক অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই সিরাজগঞ্জ মহাসড়ক। প্রতি বছর ঈদের সময় চাপ বাড়ার সাথে সাথে যানজট হলেও এবার শেষ কোনো যানজট নেই। তবে যানবাহনের চাপ থাকলেও ঈদের আগের দিন এসে স্বাভাবিক অবস্থায় ফিরেছে পুরো সড়ক।
বিজ্ঞাপন
নাজমুল হাসান/এসএইচএ