সিলেটে যৌথ অভিযানে ৩৯ ট্রাক্টর পাথর জব্দ, আটক ৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান শুরু করা হয়। সীমান্ত পিলার ১২৪৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের তথ্যের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক টিম অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর এবং ৬ জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যৌথ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা ট্রাক্টর ও পাথর থানায় আছে। এ ঘটনায় ছয়জন আটক আছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাসুদ আহমদ রনি/আরএআর